
স্টাফ রিপোর্টার ॥
বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল জেলা শাখার নবগঠিত মজলিসে শূরার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২৭-২৮ সেশনে দায়িত্ব পালনের জন্য জেলা পর্যায়ের এই সর্বোচ্চ পরামর্শমূলক ফোরামের সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ নেন। শনিবার (১৪ নভেম্বর) বিকেলে টাঙ্গাইল আদর্শ সমাজ কল্যাণ পরিষদের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. খলিলুর রহমান মাদানি। বক্তব্যে তিনি দায়িত্বশীলদের সাংগঠনিক দায়িত্ব পালনে আন্তরিকতা, নিষ্ঠা, সততা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে পারস্পরিক পরামর্শ, ঐক্য ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা দেলোয়ার হোসেন।
বিশেষ অতিথির বক্তব্যে মাওলানা দেলোয়ার হোসেন বলেন, একটি সুসংগঠিত ও দায়িত্বশীল সংগঠন গড়ে তুলতে শূরা ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। পারস্পরিক আলোচনা, পরামর্শ ও সম্মিলিত সিদ্ধান্তের মাধ্যমে সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হলে দায়িত্ব পালনে স্বচ্ছতা ও কার্যকারিতা বৃদ্ধি পায়। এজন্য মজলিসে শূরার সদস্যদের সচেতন, সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভাপতির বক্তব্যে আহসান হাবীব মাসুদ বলেন, সংগঠনের অর্পিত দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সংগঠনের বৃহত্তর কল্যাণ এবং জনগণের কল্যাণে কাজ করাই প্রত্যেক দায়িত্বশীলের লক্ষ্য হওয়া উচিত।
অনুষ্ঠানে নবগঠিত মজলিসে শূরার সদস্যরা আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন। আগামী ২০২৭-২৮ সেশনে সংগঠনের নীতি, আদর্শ ও সাংগঠনিক সিদ্ধান্ত বাস্তবায়নে পরামর্শ প্রদান এবং জেলা পর্যায়ের কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ফোরাম।






