
স্টাফ রিপোর্টার, দেলদুয়ার ॥
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে সরিষা ও খেসারি ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির জন্য বীজ ও সার দেয়া হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকালে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৬ হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলেন এই সরকারি সহায়তা । দেলদুয়ার উপজেলা পরিষদ হল রুমে এ কর্মসূচির উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।
এ সময় উপস্থিত ছিলেণ দেলদুয়ার উপজেলা কৃষি কর্মকর্তা সুফিয়া আক্তার, দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ (ওসি) সাখাওয়াত হোসেন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল আজিজ খান, সাধারণ সম্পাদক এসএম. ফেরদৌস আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক অপু তালুকদার শিপলু, উপজেলা প্রেসক্লাব সভাপতি নুরুল ইসলাম প্রমূখ।
এ কর্মসূচির আওতায় উপজেলার ৬ হাজার বিঘা জমিতে তেল জাতীয় শস্য সরিষা আবাদের জন্য ৬ হাজার কৃষককে বিনামূল্যে এক কেজি করে সরিষা বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হবে। এছাড়া ডাল জাতীয় শস্য খেসারি ফসল আবাদ বৃদ্ধিকল্পে ৫০ বিঘা জমিতে চাষ করার জন্য ৫০ জন কৃষককে ৮ কেজি করে খেসারি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার বিনামূল্যে প্রদান করা হবে।






