
স্টাফ রিপোর্টার ॥
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের পুষ্টকামুরী পূর্ব সওদাগর পাড়া রেললাইন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত গোলাম রাব্বানী যুবরাজ ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা। সে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।
মির্জাপুর থানা পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বিগত ২০২৪ সালের (৪ আগস্ট) বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোপালপুর উপজেলার নলিন বাজার এলাকার বাসিন্দা ও মনিরুজ্জামান খান কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ইমন (১৮)। পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (১৮ আগস্ট) তিনি মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলায় গোলাম রাব্বানী যুবরাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়েছিল।
এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার (১৪ নভেম্বর) সকালে পুষ্টকামুরী এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।





